পূর্বাচল: গাজীপুরের কালীগঞ্জে মো. মনির মোল্লা (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে এ ঘটনাটি ঘটে উপজেলার নাগরী ইউনিয়নের পূর্বাচল ২৪ নম্বর সেক্টরের ফতেপুর গ্রামের বিড়ালবাড়ী মাঠে, ফরেস্টের পাশে নির্জন স্থানে।
রাতে বিষয়টি নিশ্চিত করেন উলুখোলা ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন।
নিহত মনির পাড়াবরতা টেকপাড়া গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে। এলাকার মানুষের কাছে তিনি একজন নিরীহ ও শান্ত-স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
এসআই জামাল উদ্দিন বলেন, ঘটনার শব্দ ও পরিস্থিতি দেখে স্থানীয়রা দ্রুত উলুখোলা ফাঁড়িকে খবর দেন। খবর পেয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে-পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবেই এ হত্যাকাণ্ড ঘটানো হতে পারে। তবে সঠিক কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।”
পুলিশ বলছে, দ্রুত সময়ের মধ্যেই ঘটনার রহস্য উদঘাটন ও দায়ীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন :