ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬,

ঢাকা ১৭ আসনে খালিদুজ্জামানকে PNG ঘোষণার হুশিয়ারী এক্স ফোর্সেস এসোসিয়েশনের

| নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৫:৩৮ পিএম

ঢাকা ১৭ আসনে খালিদুজ্জামানকে PNG ঘোষণার হুশিয়ারী এক্স ফোর্সেস এসোসিয়েশনের

ঢাকা: আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে ঢাকা-১৭ আসনের প্রার্থীকে ক্যান্টনমেন্টে PNG ঘোষণা করার দাবি এক্স-ফোর্সেস এসোসিয়েশনের। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) এক্স-ফোর্সেস এসোসিয়েশনের সভাপতি লেফটেন্যান্ট সাইফুল্লাহ খাঁন সাইফ (অব:) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি রাজনৈতিক দলের ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রার্থী খালিদুজ্জামান ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টা করেছেন। উক্ত প্রার্থী ক্যান্টনমেন্টে প্রবেশকালে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা সদস্যদের দ্বারা অস্ত্রসহ প্রবেশে বাধাপ্রাপ্ত হলে তিনি অত্যন্ত উদ্দতপূর্ণ আচরণ করেন এবং সেনাসদস্যদের উদ্দেশে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন। এ ধরনের বক্তব্য ও আচরণ সামরিক বাহিনীর মনোবল, মর্যাদা এবং রাষ্ট্রীয় শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত। এক্স-ফোর্সেস এসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। 

এক্স-ফোর্সেস এসোসিয়েশন স্পষ্টভাবে বলতে চায় — রাজনৈতিক পরিচয় কখনোই কাউকে সংবিধান ও আইনের ঊর্ধ্বে অবস্থান দেওয়ার লাইসেন্স দেয় না। ক্যান্টনমেন্ট কোনো রাজনৈতিক প্রভাব বিস্তারের জায়গা নয়; এটি একটি সংবেদনশীল রাষ্ট্রীয় নিরাপত্তা এলাকা। 

এক্স-ফোর্সেস এসোসিয়েশন আরও স্পষ্টভাবে জানাতে চায়, উক্ত প্রার্থী যদি প্রকাশ্যে তার আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা না চান এবং ভবিষ্যতে এ ধরনের উদ্দতপূর্ণ ও অবমাননাকর আচরণ বন্ধের সুস্পষ্ট অঙ্গীকার না করেন, তাহলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে ক্যান্টনমেন্টে PNG ঘোষণা করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। 

রাষ্ট্রের আইন, সামরিক বাহিনীর মর্যাদা ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে এক্স-ফোর্সেস এসোসিয়েশন কোনো আপস করবে না।

Link copied!