জাফলং: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় নদীর পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাড় ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে জাফলং চা–বাগান সংলগ্ন নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম বাচ্চু মিয়া (৫০)। তিনি গোয়াইনঘাট উপজেলার নয়াবস্তি গ্রামের মৃত হাবিব মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, ভোরে কয়েকজন শ্রমিক নদীর তীর থেকে বালু উত্তোলনের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে বালু ও মাটির একটি বড় অংশ (চাকলা) ধসে পড়ে। অন্য শ্রমিকেরা দ্রুত সরে যেতে পারলেও বাচ্চু মিয়া মাটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীর পাড় থেকে বালু উত্তোলনের সময় পাড় ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এমএস

আপনার মতামত লিখুন :