নীলফামারী: নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২রা জানুয়ারি) সন্ধ্যায় নীলফামারী শহরের স্টেশন রোড ডালপট্টি এলাকায় এ সভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী-২ আসনের জাতীয় নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। এসময় উপস্থিত ছিলেন এনসিপি নীলফামারী জেলা শাখার আহ্বায়ক আব্দুল মজিদ ও যুগ্ম আহ্বায়ক সামসুল হক শাহসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন, জাতীয় নাগরিক পার্টি দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করে। জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করাই এনসিপির মূল লক্ষ্য।
তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সমমনা রাজনৈতিক দলগুলোর ঐক্য অত্যন্ত জরুরি। সে লক্ষ্যে জামায়াতে ইসলামীসহ অন্যান্য গণতান্ত্রিক শক্তির সঙ্গে এনসিপি মিলেমিশে কাজ করতে আগ্রহী। দেশ ও জনগণের স্বার্থে এই ঐক্য আগামী দিনে আরও সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আগামী দিনে নীলফামারীর উন্নয়ন এবং মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান এই নেতা।
মতবিনিময় সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এমএস

আপনার মতামত লিখুন :