তাহিরপুরঃ সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে প্রতি উপজেলায় মাসে একটি করে গণশুনানির আয়োজন করা হবে। যেন গণমানুষের মনের কথা কাছ থেকে সরাসরি শুনে সে অনুযায়ী কাজ করার অঙ্গিকার করেছেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল।
শুক্রবার বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলী বাজার, লাউড়েরগড়, ঘাগটিয়া, ঘাগড়া ও ইসলামপুর এলাকায় নির্বাচনী পথসভায় রাজনৈতিক বক্তব্যের মাঝে এ অঙ্গিকার করেন।
কামরুল বলেন, একটি অভিযোগ বক্স থাকবে। যেখানে সাধারণ মানুষ নিজেদের মতামত সহজেই জানাতে পারবেন। আল্লাহ চাইলে যদি এমপি নির্বাচিত হই, অনেক দায়িত্ব থাকবে, কাজ করতে হবে। যেহেতু আমি মানুষ। কাজ করতে গিয়ে ভুল হবে। তাই আমার করা ভুলগুলো দয়া করে গণশুনানিতে জানাবেন বা সংকোচবোধ করলে অভিযোগ বক্সের মাধ্যমে জানাবেন। যেন শুধরে নিতে পারি।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে আপনাদেরকে সঙ্গে নিয়েই এ অঞ্চলের উন্নয়ন ও সমস্যা সমাধানে কাজ করব। তাছাড়া আমার কাছে আসতে কাউকে কোনো নেতা ধরতে হবেনা, এন্ট্রি লাগবেনা।
পথসভায় উপজেলা, বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএস

আপনার মতামত লিখুন :