চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ ঘোষণার পরও পতাকা উত্তোলন, প্রশ্নের মুখে স্থানীয় রাজনীতি।
মঙ্গলবার (১৭ ই ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণের দিনেই চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর পরিত্যক্ত জেলা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও আওয়ামীলীগের দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ওই কার্যালয়ে কে বা কারা এসে জাতীয় পতাকা ও দাদের দলীয় পতাকা টানিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন বিষয়টি লক্ষ্য করেন এবং ঘটনাটি নিয়ে তারা আতঙ্কিত বলে জানান।
এই ঘটনা নিয়ে উঠছে নানান প্রশ্ন, এটি কি কেবল আনুষ্ঠানিকতা, নাকি এর পেছনে রয়েছে কোনো রাজনৈতিক বার্তা। তবে পতাকা উত্তোলনকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, আজকে নতুন সরকারের শপথ গ্রহণের দিনে নিষিদ্ধ ঘোষিত একটা দল তাদের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেছে এটা প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।
চাঁপাই নবাবগঞ্জ জেলা জামায়াতের আমির আবু জার গিফারী বলেন, আওয়ামীলীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ তাতে এই বিষয়টা প্রশাসনকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরে আলম বলেন, এই ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার প্রেক্ষিতে সচেতন মহল মনে করছেন, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

আপনার মতামত লিখুন :