বরিশাল: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১১নং ভরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ গণমাধ্যম ব্যক্তিত্ব ও সমাজসেবক খান মো. মেহেদী। ইউনিয়ন পর্যায়ে সুশাসন, স্বচ্ছতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে তিনি এই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
খান মো. মেহেদী বর্তমানে জাতীয় দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার ক্রাইম রিপোর্টার, ঢাকার বার্তার নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দৈনিক ৭১ সংবাদ-এর সহ-সম্পাদক ও প্রকাশক এবং বাকেরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ প্রচার সম্পাদক হিসেবে যুক্ত রয়েছেন। এর আগে তিনি একাধিক স্বনামধন্য জাতীয় দৈনিক পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।
তিনি আরও বলেন, ইউনিয়নের সার্বিক উন্নয়নে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। তিনি ১১নং ভরপাশা ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।
এক প্রতিক্রিয়ায় তিনি জানান, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি শান্তিপূর্ণ, সুখী ও সুন্দর সমাজ গড়তে হলে উন্নয়নের সূচনা করতে হবে ইউনিয়ন পর্যায় থেকেই। সেই ভাবনা থেকেই তিনি ভরপাশা ইউনিয়নকে একটি আদর্শ ও ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তুলতে চান। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তার অগ্রাধিকার তালিকায় রয়েছে।
আসন্ন নির্বাচনে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আমি অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ে কাজ করতে চাই। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করাই আমার অঙ্গীকার।
খান মো. মেহেদী ১১নং ভরপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের কৃষ্ণকাঠী গ্রামের খান পরিবারের সন্তান। তিনি মরহুম হেলাল উদ্দিন খানের পুত্র, যিনি এলাকায় একজন বিশিষ্ট সমাজসেবক হিসেবে সুপরিচিত ছিলেন।
এলাকার প্রবীণ ও তরুণদের সঙ্গে মতবিনিময়কালে খান মো. মেহেদী দারিদ্র্যমুক্ত, সুশিক্ষাবান্ধব ও বৈষম্যহীন একটি ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দেন। মেহনতি মানুষের অধিকার রক্ষা এবং উন্নয়নের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এলাকার সাধারণ মানুষের মতে, একজন দায়িত্বশীল গণমাধ্যম ব্যক্তিত্ব নির্বাচনে অংশ নিলে ইউনিয়নের প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হতে পারে।
নির্বাচনী মাঠে ইতোমধ্যে সক্রিয়ভাবে গণসংযোগ শুরু করেছেন এই তরুণ প্রার্থী। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তিনি তার পরিকল্পনা ও স্বপ্নের কথা তুলে ধরেন, যা নির্বাচনী ডামাডোলে আলাদা করে নজর কাড়ছে।

আপনার মতামত লিখুন :