সোনারগাঁও: ৭১ সালে যে আশা ও লক্ষ্য নিয়ে এ দেশের মানুষ দেশ স্বাধীন করেছিল, লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল, মা সন্তান হারিয়েছিল। দেশ স্বাধীন হওয়ার লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। কিন্তু ৫৪ বছর যারা দেশ পরিচালনা করেছে, তাদের মাধ্যমে লক্ষ্যগুলো একটিও বাস্তবায়িত হয়নি। ৫ই আগস্ট দেশে অভ্যুত্থান ঘটে। অভ্যুত্থানের পর ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আমাদের শপথ হওয়ার কথা ছিল। কিন্তু দেশে এমন ঘটনা ঘটেছে, যেখানে ফাঁসির আসামীদেরও ছেড়ে দেওয়া হয়েছে' বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সোনারগাঁয়ের কাঁচপুরে বালুর মাঠ এলাকায় নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘একটি স্বার্থান্বেষী দল আমাদের ধোকা দিয়ে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখেছিল। তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না এবং শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না।’
তিনি আরও বলেন, ‘আমাদের পাশ্ববর্তী রাষ্ট্র বন্ধুসূলভ আচরণ করবে, এটাই বাস্তবতা। কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক ইতিহাসে আমরা বন্ধুসূলভ পাইনি। একটি দল ভারতের সঙ্গে গোপনে নিয়মিত বৈঠক করছে। ওই দলটি পরিক্ষিত সাথীদের সঙ্গে প্রতারণা করতে পারে। তারা ক্ষমতায় গেলে জনগণের সঙ্গে প্রতারণা করবে। এ প্রতারকদের ক্ষমতায় যাওয়ার আমরা সিঁড়ি হতে চাই না। সে কারণে আমরা বিষয়টি বুঝতে পেরে ১১ দলীয় জোট ছেড়ে দিয়েছি।’
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম আরও বলেন, ‘আমরা যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে পথ চলছিলাম, সেই লক্ষ্য ম্লান করে রঙিন স্বপ্ন যারা দেখেছে, তাদের মাধ্যমে জাতি ও দেশ প্রতারিত হবে। দেশ আবারও অশান্তির দিকে যাবে।’
তিনি বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে রাজনীতি করে, তার জন্যই আমরা কাজ করি। আমি নিজে এমপি প্রার্থী হইনি। মন্ত্রিত্বের জন্য রাজনীতি করি না। দেশ ও জনগণের কল্যাণ, ইনসাফ প্রতিষ্ঠা এবং ইসলাম প্রতিষ্ঠার জন্যই আমরা রাজনীতি করি।’
নির্বাচনি পথসভায় নারায়ণগঞ্জ-৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী গোলাম মসীহের সভাপতিত্বে পথসভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি ফারুক আহাম্মেদ মুন্সি ও সাবেক সভাপতি সানাউল্লাহ নুরীসহ ইসলামী আন্দোলনের অন্যান্য নেতারা।
এ সময় নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী গোলাম মসীহকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।
পথসভা শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

আপনার মতামত লিখুন :